বিজ্ঞাপন
১৫ টাকার এক ডিম কয় ভাগ করে সন্তানদের দেবেন মা: নাহিদ ইসলাম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম
বিজ্ঞাপন
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে সরকারের নীতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘একটা ডিম ১৫ টাকা, কোটি মা আজ রাতে ১৫ টাকার একটি ডিম ভেজে কয়েক ভাগ করে সন্তানদের পাতে তুলে দেবেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
‘এক ডিম ১৫ টাকা’, এই চার শব্দের বাক্য বাংলাদেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।
পোস্টে তিনি বলেন, ‘যেসব পরিবারের নিয়মিত মাছ-মাংস কেনার সামর্থ্য নেই, তাদের জন্য ডিম গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস।’ বর্তমানে ডিমের হালি ৫৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে দাবি তার।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ডিমের পাশাপাশি চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ ও সবজিসহ বিভিন্ন মৌলিক খাদ্যপণ্যের দাম বেড়েছে। তার দাবি, মানুষের আয় সেই অনুপাতে বাড়েনি; ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হয়েছে।
নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে তিনি তিনটি কারণের কথা উল্লেখ করেন।
এর মধ্যে প্রথমে তিনি সরকারের বাজেট নীতির সমালোচনা করেন। পোস্টে তিনি লেখেন, ‘নির্বাচনের আগে তারেক রহমান বলেছিলেন, ‘মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি’। অথচ মেগা প্রজেক্ট আর হরেক রকম কার্ড ছাপানোর জন্য প্রায় ২০ শতাংশ বড় বাজেট বানানো হলো। দেশের অর্থনীতিতে তেমন কোনো গতি নেই। ধনীদের কর ফাঁকি বন্ধের বা তাদের কর বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? হয় ভ্যাট বাড়িয়ে, নয় ঋণ করে, নয়তো টাকা ছাপিয়ে। ভ্যাট বাড়লে সরাসরি দাম বাড়ে। টাকা ছাপালে বাড়ে মূল্যস্ফীতি। ঋণটাও পরে ফেরত দিতে হবে সুদে-আসলে।’
দ্বিতীয় কারণ হিসেবে জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির কথা উল্লেখ করেন নাহিদ বলেন, ‘সরকার যখন হুট করে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায়, তখন সেচ, পোলট্রি, মাছ চাষ, হিমাগার, মাল টানার ট্রাক, দোকান—সবকিছুর খরচ একসঙ্গে লাফিয়ে বাড়ে। সেই বাড়তি খরচটা শেষে দেয় ক্রেতাই।’
তৃতীয় কারণ হিসেবে তিনি বাজারের সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন। তার দাবি, ‘সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজির কারণে উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি দামে পণ্য কিনতে হয় সাধারণ মানুষকে।’
নাহিদ ইসলাম বলেন, ‘নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। কারণ, এসব পরিবারের আয়ের বড় একটি অংশ খাদ্য ও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে ব্যয় হয়।’
তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই বোঝা পড়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ঘাড়ে। কারণ, তাদের আয়ের প্রায় পুরোটাই চলে যায় বেঁচে থাকার মৌলিক জিনিস কিনতে। জীবনযাত্রার খরচ ১০ শতাংশ বাড়লে বড়লোকের তেমন সমস্যা হয় না। তার আয়ের অল্প একটি অংশ যায় মৌলিক খরচে, হাতে জমানো টাকাও আছে। কিন্তু সেই ১০ শতাংশ গরিব ও মধ্যবিত্তকে দাঁড় করিয়ে দেয় একটি নির্মম বাস্তবতার সামনে: কোনটা না কিনলে চলতে পারব? অথচ বিকল্প ছিল।’
এনসিপির এ নেতা বলেন, ‘আমরা এনসিপি থেকে নির্বাচনী ইশতেহার ও ছায়া বাজেটে দেখিয়েছি, ধনীদের কর ফাঁকি বন্ধ করলে এবং অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে না গেলে কী কী করা যায়। মধ্যবিত্তের ওপর কর কমানো যায়। নিত্যপণ্যের ওপর থেকে ভ্যাট তুলে নেওয়া যায়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানিতে বাড়তি ভর্তুকি দেওয়া যায়। কিন্তু সরকার সেই পথে হাঁটেনি।’
পোস্টের শেষাংশে সরকারের বিভিন্ন নীতির সুবিধা কারা পাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি লেখেন, ‘তাহলে এই নীতির ফসল তুলবে কারা? প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড হাতে কিংবা মেগা প্রজেক্টের ফিতা কেটে অনেক ফুটেজ পাবেন। জ্বালানি খাত বেসরকারি করে দিলে বিএনপির ঘনিষ্ঠ হয়ে ওঠা বড় ব্যবসায়ীরা ভালো ব্যবসার সুযোগ পাবেন। আর মেগা প্রজেক্টের হাজার কোটি টাকার কমিশনে ভাগ বসাবেন মন্ত্রী-এমপিদের ছেলে-নাতিরা।’
পোস্টের শেষ লাইনে বিরোধীদলীয় চিফ হুইপ লেখেন, ‘অন্যদিকে, কোটি মা আজ রাতে ১৫ টাকার একটি ডিম ভেজে কয়েক ভাগ করে সন্তানদের পাতে তুলে দেবেন।’