বিজ্ঞাপন
কোথায় গেলেন বিমানবন্দরের ‘ফাটাকেষ্ট’ ম্যাজিস্ট্রেট নওশাদ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম
বিজ্ঞাপন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি, অব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের সিন্ডিকেটের অনিয়ম রুখতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন তরুণ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।
বিমানবন্দরে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরে যাত্রীদের অধিকার রক্ষা এবং শৃঙ্খলা ফেরাতে তার অনমনীয় অবস্থানের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ তাকে ভালোবেসে বিমানবন্দরের ‘ফাটাকেষ্ট’ বলে আখ্যায়িত করেছিলেন।
দীর্ঘদিন ধরে ঢাকা বিমানবন্দরে যাত্রী বা প্রবাসীদের অন্যতম বড় ক্ষোভের জায়গা ছিল লাগেজ কাটিং, লাগেজ চুরি এবং মালামাল হারিয়ে যাওয়া। এই সমস্যা সমাধানে ম্যাজিস্ট্রেট নওশাদ খানের নেতৃত্বে কড়া নজরদারি শুরু হয়েছিল। লাগেজ হ্যান্ডলিং এবং রিলিজকারী কর্মীদের জন্য শতভাগ বডি-ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল, যার ফুটেজ সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে থাকতো। এছাড়াও কন্টাক্ট জোনগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে অন্তত ৯০ দিন পর্যন্ত তার ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।
নওশাদ খানের সাহসী পদক্ষেপের ভিডিওগুলো ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় লাখ লাখ প্রবাসী ও সাধারণ মানুষ তার প্রশংসা করেছেন।
সাম্প্রতিক ঘটনায় বিমানবন্দরের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের ক্ষোভের পাশাপাশি দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন, যাত্রীদের অধিকার রক্ষায় যিনি একসময় কঠোর অবস্থান নিয়েছিলেন, বিমানবন্দরের এমন পরিস্থিতিতে সেই আলোচিত ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান গেলেন কোথায়? যাত্রীদের অধিকার রক্ষা ও অনিয়ম ঠেকাতে তার আগের মতো কঠোর তৎপরতা এখন দেখা যাচ্ছে কি না।
গত ১ অক্টোবর মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি সরবরাহ নিয়ে বিমানবন্দরে উত্তেজনা তৈরি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে এসেছে। পরে বিষয়টি নিয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে অবসরপ্রাপ্ত মেজর ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ আখতারুজ্জামানের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, ঘটনায় সরকারি কাজে বাধা, হুমকি এবং নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার একটি বড় বিষয় বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যবস্থাপনা নিয়ে। অধিকাংশ যাত্রী বা প্রবাসীরা অভিযোগ তুলছে দীর্ঘ সময় অপেক্ষা, ট্রলি সংকট কিংবা লাগেজ পেতে বিলম্বের মতো বিষয়গুলো বিমানবন্দরে ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটেই নওশাদ খানের আগের সময়ের অভিযান ও তৎপরতার প্রসঙ্গ সামনে আনছেন নেটিজেনরা।