বিজ্ঞাপন
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
বিজ্ঞাপন
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পেটানোর ঘটনা ঘটেছে। এসময় তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনতাই করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, অন্যান্য দিনের মতো আজও দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন তারা। এর সঙ্গে নিজের আরও ৪ লাখ টাকা যুক্ত করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে ফিরছিলেন।
তিনি আরও বলেন, দুপুর নাগাদ আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়া পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।