বিজ্ঞাপন
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের ওপর মব সৃষ্টির চেষ্টা, আটক ৪
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
বিজ্ঞাপন
হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় একদল বখাটে মব সৃষ্টির চেষ্টা করেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক সাংবাদিকের ওপরও হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের সিনেমাহল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সোমবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরে নিরাপত্তা মহড়া দেয়। এ সময় শহরের বাইপাস সড়কে কিশোর গ্যাংয়ের লিডার, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। এ সময় তিনি সবাইকে অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান।
পরে সন্ধ্যায় শহরের তিনকোণা পুকুরপাড়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সিনেমাহল এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিভিন্ন গলি ও চায়ের দোকানে আড্ডারত কিশোরদের সন্ধ্যার পর ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানায় পুলিশ।
সিনেমাহল এলাকায় অভিযানের একপর্যায়ে কিশোর গ্যাংয়ের লিডার স্বপ্নীল পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পুলিশ তাকে থানায় নিয়ে যেতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে তারা স্বপ্নীলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন স্থানীয় এক সাংবাদিক। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণ করায় আটক স্বপ্নীল ওই সাংবাদিকের ওপর হামলার নির্দেশ দেয়। পরে তার গ্যাংয়ের সদস্যরা সাংবাদিকের ওপর হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর হক বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের কাজে বাধা ও মব সৃষ্টির চেষ্টা এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।