বিজ্ঞাপন
কার্ড ও ডিজিটাল লেনদেন বন্ধ যে ৩১ ব্যাংকে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:২০ এএম
বিজ্ঞাপন
কোনোরকম পূর্বঘোষণা ছাড়াই কিউ ক্যাশের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৩১টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। সেবা বন্ধের আগে গ্রাহকদের যথাযথভাবে অবহিত না করায় হঠাৎ ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক।
জানা গেছে, রোববার (৪ অক্টোবর) থেকে কিউ ক্যাশের সিস্টেম মাইগ্রেশন শুরু হয়েছে। মাইগ্রেশন শুরুর আগে ব্যাংকগুলোকে বিষয়টি জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
পরে এক নোটিশের মাধ্যমে কিউ ক্যাশ জানায়, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম মাইগ্রেশনের কাজ চলবে। নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে সদস্য ব্যাংকগুলোর বিভিন্ন ডিজিটাল সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।
কমিউনিটি ব্যাংকের একটি এটিএম বুথে ঝোলানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) পরিচালিত কিউ ক্যাশ (কার্ড নেটওয়ার্ক পার্টনার) নেটওয়ার্কের সব সদস্য ব্যাংকের জন্য সিস্টেম মাইগ্রেশন পরিচালনা করছে। অন্যান্য অংশীদারের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনার কারণে কমিউনিটি ব্যাংকের সরবরাহ করা বিভিন্ন সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাময়িকভাবে ব্যাংকের ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড দিয়ে এটিএম ও পিওএসের মাধ্যমে লেনদেন, পিওএস ও বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন, আইব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধ বন্ধ থাকবে।
সাময়িকভাবে কার্ড ও ডিজিটাল লেনদেন বন্ধ থাকছে যেসব ব্যাংকে-
অগ্রণী ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।