বিজ্ঞাপন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির পরিচয়
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম
বিজ্ঞাপন
পরিবারের অভাব ঘোচাবেন। স্বজনদের মুখে হাসি ফোটাবেন। একটু স্বচ্ছল জীবনের আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মো. সজিব (২৫)। প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন পরিবারের জন্য। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন তিনি।
সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কাজ করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে জুবাইল শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে সজিব ঘটনাস্থলেই নিহত হন। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্বচ্ছলতার আশায় যে তরুণ বিদেশে গিয়েছিলেন, তাঁর নিথর দেহ এখন দেশে ফেরার অপেক্ষায়।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন সজিবের মৃত্যুর খবর পরিবারকে জানান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাগড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন, পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় সজিব বিদেশে গিয়েছিলেন। পরিবারের জন্য নিয়মিত পরিশ্রম করছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজনেরা ভেঙে পড়েছেন। গ্রামের বাড়িতেও চলছে শোকের মাতম।
সজিবের লাশ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত তাঁর মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, সৌদি আরবে কর্মরত বাগড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, কীভাবে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে, তা দূতাবাসের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে। তাঁর মরদেহ যথাসময়ে দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শোকাহত পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।