বিজ্ঞাপন
পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাতের প্রতিক্রিয়া
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
বিজ্ঞাপন
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা।’
হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, ‘বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।’
এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে হামলা শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঘটনার পর মাজার প্রাঙ্গণে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী লালন মাজারে এসেছেন। তার সঙ্গে কিছু একটা ঘটেছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং গাড়ি ভাঙচুরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।