বিজ্ঞাপন
হঠাৎ শ্রেণিকক্ষে এমপি, শিক্ষার্থীদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
বিজ্ঞাপন
কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই হঠাৎ করেই শ্রেণিকক্ষে সংসদ সদস্য! লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন-লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে যান সংসদ সদস্য। এ সময় তিনি কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চান ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। কয়েকজন শিক্ষার্থী চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও শিক্ষক হওয়ার ইচ্ছার কথা জানালে তিনি তাদের উৎসাহ দেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে হবে। পাশাপাশি মানবিক মানুষ হতে হবে এবং বাবা-মায়ের দায়িত্ব নিতে হবে। নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি হবে। আমি ব্যারিস্টার হয়ে আজ সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছি।
মেধাবী ও ভালো শিক্ষার্থীদের রাজনীতিতে আসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে এমপি বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে রাজনীতিবিদরাই নেতৃত্ব দেন। তাই ভবিষ্যতে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে এসে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হওয়া উচিত।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলেজের শিক্ষার্থীদের প্রশংসা করে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আমাদের নেক্সট জেনারেশন অনেক ভালো পড়াশোনা করছে। তাদের জ্ঞানের পরিধি যথেষ্ট। আমি নিজেও মনে করি, ওদের মতো এত স্মার্ট নই। বিশেষ করে এই কলেজের মেয়েরা পড়াশোনায় অনেক বেশি সিরিয়াস এবং তাদের আগ্রহও অনেক।
কলেজটির অবকাঠামোগত বিভিন্ন প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি এমপি বলেন, শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষ ও আসনসংকট রয়েছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করার পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য ছাত্র ও ছাত্রী হোস্টেলের প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলো আমরা যদি সমাধান করতে পারি, তাহলে শিক্ষার্থীদের আগ্রহ ও মেধাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। কলেজের শিক্ষার পরিবেশ ও গুণগতমান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিতে বলেন তিনি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহিজার রহমান, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা এম. সাহেদুজ্জামান সরকার কোয়েল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সাজ্জাদুল পারভেজ, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল মামুন, সদস্য সচিব আরিফুর জামান আলিফ,উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।