বিজ্ঞাপন
আসামির মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে হট্টগোল, আটক ২০
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ এএম
বিজ্ঞাপন
নীলফামারীতে মাদক মামলার আসামি সুজন ইসলামকে (৩৪) আটকের পর মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে নীলফামারী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর থানা পুলিশ ও নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সৈয়দপুর শহরের একটি ভাড়া বাসা থেকে সুজন ইসলামকে আটক করা হয়। পরে তাকে নীলফামারী ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সুজন ডিবি কার্যালয়ে থাকা অবস্থায় তার মুক্তির দাবিতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও কয়েকজন যুবক জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২০ জনকে আটক করে।
পরে সুজন ইসলামকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘ডিবিতে ডিমলা থানা এলাকার একজন আসামি ছিল। তাকে আদালতে নেওয়ার সময় কয়েকজন হট্টগোল করে পুলিশের কাজে বাধা দেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
পুলিশের তথ্য অনুযায়ী, সুজনের বাড়ি ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দোহলপাড়া গ্রামে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর, ডিমলা ও ঢাকার দারুসসালাম থানায় একাধিক মামলা রয়েছে। নথি অনুযায়ী, ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায়, ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় এবং ২০২৬ সালে ডিমলা থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।