Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ট্রাম্প-তারেকের ছবি নিয়ে এআই দাবির সত্যতা কী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ এএম

ট্রাম্প-তারেকের ছবি নিয়ে এআই দাবির সত্যতা কী

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশের পর থেকেই এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

দাবির পক্ষে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ট্রাম্পের আরও কয়েকটি ছবি সামনে আনা হচ্ছে। এসব ছবিতে ট্রাম্পের দাঁড়ানোর ভঙ্গি, হাসি এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে রাখার ধরন প্রায় একই রকম হওয়ায় কেউ কেউ দাবি করছেন, তারেক রহমানের ছবিতে ট্রাম্পের অবয়ব বসিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন, তারেক রহমান ট্রাম্পের কাটআউটের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন।

৩ অক্টোবর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোস্টের বিবরণে তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় তিনি অংশ নিয়েছেন। ছবিটির উৎস হিসেবে হোয়াইট হাউসের নামও উল্লেখ করা হয়।

এরপর ‘ইনফো বাংলা’ নামের একটি ফেসবুক পেজ ছবিটি প্রকাশ করে দাবি করে, তারেক রহমান ট্রাম্পের ‘ফটো কাটআউটের’ সঙ্গে ছবি তুলেছেন। ‘অরণ্য আবীর’ নামের একটি অ্যাকাউন্ট থেকেও একই ধরনের দাবি করা হয়।

এ নিয়ে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে বিভ্রান্তির কথা উল্লেখ করে তিনি জানতে চান, কেউ এটি যাচাই করেছেন কি না এবং ফ্যাক্টচেকারদের অবস্থান কী।

অন্যদিকে ‘মীর জাহান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটিকে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়। ছবিটি কয়েক দিন পর প্রকাশের বিষয়টিকেও সন্দেহের কারণ হিসেবে তুলে ধরা হয়।

দিগন্ত, ট্যাম্পুস্ট্যান্ড ও বসু বাপ্পাদিত্ত নামের আরও কয়েকটি পেজ ও অ্যাকাউন্ট থেকেও ছবিটি নিয়ে পোস্ট করা হয়।

অন্য দেশের নেতাদের ছবিতেও একই ভঙ্গি

শুধু বাংলাদেশেই নয়, ট্রাম্পের প্রায় একই ভঙ্গির ছবি নিয়ে অন্য দেশেও আলোচনা হয়েছে। কসোভো, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের ছবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ও ব্যঙ্গ ছড়িয়েছে।

কসোভোর ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান হিব্রিড ডট ইনফোর বরাত দিয়ে জানানো হয়, এসব ছবিতে ট্রাম্পকে প্রায় একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার মুখের অভিব্যক্তি এবং বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে রাখা ডান হাতের অবস্থানও কাছাকাছি।

এ বিষয়ে কসোভোর সংবাদমাধ্যম কোহা জানিয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে ছিলেন এবং বিভিন্ন দেশের নেতারা একে একে তার পাশে এসে আনুষ্ঠানিক ছবি তোলেন। একই পটভূমি ও ক্যামেরার কোণের কারণে ছবিগুলোতে ট্রাম্পের ভঙ্গির মিল দেখা গেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, অনুষ্ঠানে হোয়াইট হাউসের নির্ধারিত আলোকচিত্রী ছাড়া অন্য কারও ছবি তোলার অনুমতি ছিল না। তবে ছবিগুলোতে ট্রাম্পের অবস্থান পুরোপুরি এক ছিল না; বাঁ হাতের অবস্থান ও হাসিতে সামান্য পার্থক্যও দেখা যায়।

একই অনুষ্ঠানের অন্য ছবিতে ট্রাম্পকে বিভিন্ন নেতার সঙ্গে করমর্দন করতেও দেখা গেছে। হিব্রিড ডট ইনফো জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এমন ছবির উল্লেখ করেছে।

এআই শনাক্তকরণে যা পাওয়া গেছে

হিব্রিড ডট ইনফোর তথ্য অনুযায়ী, হাইভ মডারেশনসহ এআই শনাক্তকরণ প্রযুক্তিতে বলকান নেতাদের সঙ্গে ট্রাম্পের আলোচিত ছবিগুলো পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ছবিগুলো এআই দিয়ে তৈরি—এমন প্রমাণ পাওয়া যায়নি।

ফ্যাক্টচেকভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্টও বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ওই নেতাদের ছবিগুলো সংগ্রহ করে একাধিক এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করে। তাদের যাচাইয়েও ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর দান ২ অক্টোবর ট্রাম্পের সঙ্গে নিজের ও তার সঙ্গী মিরাবেলা গ্রাদিনারুর একটি ছবি প্রকাশ করার পর একই ধরনের দাবি ওঠে। পরে রোমানিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি নয়।

কার্যালয়টির ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে শুধু হোয়াইট হাউসের অফিশিয়াল আলোকচিত্রী প্রবেশের অনুমতি পেয়েছিলেন। ছবি প্রক্রিয়াকরণের পর অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদলের কাছে একসঙ্গে পাঠানো হয়। এ কারণে অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক দিন পর বিভিন্ন দেশের নেতাদের ছবি প্রায় একই সময়ে প্রকাশিত হয়েছে।

একই ভঙ্গিতে ছবি তোলার নজির আগেও

বিশ্বনেতাদের সঙ্গে ট্রাম্পের একই ধরনের ভঙ্গিতে ছবি তোলার নজির নতুন নয়। ২০১৯ সালে ট্রাম্পের আয়োজিত বিশ্বনেতাদের সংবর্ধনাতেও তাকে একই ধরনের ভঙ্গিতে ছবি তুলতে দেখা যায়।

ট্রাম্পের কূটনৈতিক অনুষ্ঠানের ছবি নিয়ে অনলাইনে আলোচনা ও ব্যঙ্গও আগেও হয়েছে। ২০১৭ সালে পোপ ফ্রান্সিসের সঙ্গে ট্রাম্পের একটি ছবি প্রকাশের পর পোপের গম্ভীর মুখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হয়েছিল। একইভাবে বারাক ওবামার সঙ্গে পোপের হাসিমুখের ছবির সঙ্গে সেটির তুলনাও করা হয়।

ট্রাম্পের কাটআউটের ছবিটি এআই

তবে বাংলাদেশে ছড়ানো ট্রাম্পের কার্ডবোর্ড কাটআউটের একটি ছবি সত্যিই এআই দিয়ে তৈরি বলে ফ্যাক্টচেকে উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ওই ছবিতে দাবি করা হয়, তারেক রহমান ট্রাম্পের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ছবিটি শেয়ার করেন।

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ছবিটি আসল নয়। ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের মূল ছবিটিকে এআই দিয়ে তৈরি বা সম্পাদিত দাবি করার পক্ষে যাচাইয়ে প্রমাণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের কার্ডবোর্ড কাটআউটের যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, সেটি এআই দিয়ে তৈরি।

সূত্র: দ্য ডিসেন্ট

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার