বিজ্ঞাপন
একই বছরে দুই রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম
বিজ্ঞাপন
২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুবার পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ওই বছরের জানুয়ারি ও ডিসেম্বর এ দুই সময়ে রমজান পড়বে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জির দিনের সংখ্যার পার্থক্যের কারণেই এমন ঘটনা ঘটে।
হিসাব অনুযায়ী, ২০৩০ সালের ৫ জানুয়ারি থেকে হিজরি ১৪৫১ সালের রমজান শুরু হতে পারে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে পারে হিজরি ১৪৫২ সালের রমজান।
তবে রমজানের আনুষ্ঠানিক সূচনা নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে দেশ ও অঞ্চলভেদে তারিখ এক বা দুই দিন এগিয়ে-পিছিয়ে যেতে পারে।
জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ানের হিসাবে, ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুই রমজান মিলিয়ে প্রায় ৩৬ দিন রোজা রাখতে হতে পারে। প্রথম রমজান জানুয়ারিতে এবং দ্বিতীয়টি ডিসেম্বরে হওয়ায় বছরের শুরু ও শেষ—দুই সময়েই রোজা পড়বে।
এর কারণ হিজরি বছর। চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল হিজরি বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের। অন্যদিকে গ্রেগরিয়ান বছর ৩৬৫ দিনের; অধিবর্ষে ৩৬৬ দিন। ফলে দুই বর্ষপঞ্জির মধ্যে প্রতিবছর প্রায় ১০ থেকে ১১ দিনের পার্থক্য তৈরি হয়।
এই কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রতিবছর প্রায় ১০ থেকে ১১ দিন করে আগে আসে। প্রায় ৩৩ বছরের একটি চক্রে হিজরি মাসগুলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রায় একই সময়ে ফিরে আসে।
এর আগে ১৯৯৭ সালেও একই গ্রেগরিয়ান বছরে দুবার রমজান পড়েছিল। ২০৩০ সালের পর ২০৬৩ সালেও একই ধরনের ঘটনা ঘটতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে জানা গেছে।
তবে ২০৩০ সালের দুই রমজানের সময়কাল সম্পর্কে এখনকার হিসাবগুলো জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।