Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, খোঁজ নিলেন চিকিৎসাসেবার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, খোঁজ নিলেন চিকিৎসাসেবার

বিজ্ঞাপন

‎চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

‎পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃহত্তর এলাকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পটিয়ার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলীসহ আশপাশের এলাকার আরও প্রায় চার লাখ মানুষ এখান থেকে চিকিৎসাসেবা নেন। ফলে প্রতিদিনই হাসপাতালে রোগীর ব্যাপক চাপ থাকে।

‎হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন। এ সময় হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার বিষয়ও মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে হাসপাতাল নেই, সেখানেও নতুন করে ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। প্রয়োজনীয়তা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতি, বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কে খোঁজ নেন। হাসপাতালে শতভাগ চিকিৎসক উপস্থিত রয়েছেন কি না জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, শতভাগ না হলেও অধিকাংশ চিকিৎসক উপস্থিত রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভর্তি রোগীদের রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি খাবারের মান উন্নত করতে হবে। রোগীরা যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, হাসপাতালের উন্নয়নের বিষয়ে তিনি বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী পটিয়ায় এসে হাসপাতালকে আধুনিক ও সুসজ্জিত করার যে কথা বলেছেন, তাতে তারা আশাবাদী।

তিনি বলেন, ‘পটিয়া আগে একটি মহকুমা ছিল। এ কারণে এ এলাকার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের সেবায় হাসপাতালটির উন্নয়নে কাজ হবে বলে আমরা আশাবাদী।’

‎চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেছেন।

এ সময় চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার