Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পুলিশকে ধমকালেন আখতারুজ্জামান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

পুলিশকে ধমকালেন আখতারুজ্জামান

বিজ্ঞাপন

আদালতে আনার পর প্রিজনভ্যানের ভিতরে এক পুলিশ সদস্যকে ধমকালেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। প্রিজনভ্যানের ভিতর হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ বলেন, ‘স্যার, চলেন আদালতে।’ তখন তিনি ধমক দিয়ে বলেন, ‘আমাকে ধরবেন না। ডোন্ট টাচ মি।

এরপর তিনি প্রিজনভ্যান থেকে নামার সময় নিজের মাথার হেলমেট ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, ‘আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।’

শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রিজনভ্যানে করে হাতকড়া পরিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতের সামনে আনা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়া হয়। এ সময়ই ওই ঘটনা ঘটে।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর-এর আদালতে তোলার পর বিচারকের উদ্দেশ্যে তিনি বলেন, 'এখানে কোনো পুলিশ থাকবে না।' তখন বাড়তি পুলিশ সদস্যদের এজলাস থেকে বের করে গেটে রাখা হয়।

প্রিজনভ্যানের ভিতর ধমক দেওয়ার বিষয়ে জানতে চাইলে সিএমএম কোর্টের হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ কালবেলাকে বলেন, ‘প্রিজনভ্যান কোর্টের সামনে আসলে আমি উনাকে সুন্দর করে বলেছিলাম, স্যার চলেন আদালতে। তখন তিনি আমাকে না ধরতে বলেন। এরপর আমি আর কিছু বলিনি।’

এদিকে পুলিশের এক সদস্য জানান, আখতারুজ্জামান বিচারকের উদ্দেশ্যে শুনানিতে বলেন, ‘আমরা বিভিন্ন এমপিসহ পরিবার নিয়ে ৭০ জন, ৮টা দেশ ঘুরেছি। সেসব দেশের বিমানবন্দরে বাংলাদেশের মতো এমন অব্যবস্থাপনা দেখি নি। তাই আমি ওসব কথা বলেছি।’

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, বিমানবন্দরে আক্তারুজ্জামানের আচরণ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কোনো কুচক্রী মহলের ইন্ধনে ছিল কি-না তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে জামিন চান। অন্যদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকির ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়, যা পরে ঘটনা হুমকি-ধমকির পর্যায়ে পৌঁছায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার