Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ফেসবুক ভিডিওতে মিলল হারিয়ে যাওয়া স্ত্রী, পুনর্মিলনের আবেগঘন ভিডিও

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম

ফেসবুক ভিডিওতে মিলল হারিয়ে যাওয়া স্ত্রী, পুনর্মিলনের আবেগঘন ভিডিও

বিজ্ঞাপন

মানিকগঞ্জের সাটুরিয়ায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী নিখোঁজ হওয়ার পর টানা দুই মাস ২৩ দিন ধরে তাকে খুঁজছিলেন স্বামী আলী হোসেন। থানায়, আত্মীয়স্বজনের কাছে এবং বিভিন্ন এলাকায় খোঁজ করেও কোনো সন্ধান মিলছিল না। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেই মিলল তার স্ত্রীর খোঁজ।

গত ২৮ সেপ্টেম্বর সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রাম থেকে স্ত্রীকে ফিরে পান ৫৭ বছর বয়সী আলী হোসেন। তিনি পেশায় দর্জি। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামে।

আলী হোসেন বলেন, ‘আমার স্ত্রী পাঁচ বছর আগে অসুস্থ হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তখন ঢাকায় চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হন। কিন্তু তিন বছর আগে আবার অসুস্থ হয়ে তিনি ৯ দিন নিখোঁজ ছিলেন। পরে সুস্থ হলেও এবার আবারও নিখোঁজ হয়ে যান। দুই মাস ২৩ দিন পর আমি তাকে খুঁজে পেয়েছি। যে কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওর মাধ্যমে স্ত্রীর খোঁজ পেয়েছি, তাকে ধন্যবাদ।’

স্বজনেরা জানান, প্রায় আড়াই মাস আগে সাটুরিয়ার বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন আলী হোসেনের স্ত্রী। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সাটুরিয়ার বাড়ি থেকে অনেক দূরে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে দিন কাটাতে দেখা যায় তাকে।

সম্প্রতি স্থানীয় তরুণ রবিউল হক রাস্তার পাশে ওই নারীকে দেখতে পান। অসহায় অবস্থায় তাকে দেখে তিনি একটি ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। পরিবারের সদস্যদের কাছে ভিডিওটি পৌঁছালে আলী হোসেন সেটি দেখেন। ভিডিওতে থাকা নারীকে নিজের স্ত্রী হিসেবে শনাক্ত করেন তিনি।

এরপর দেরি না করে সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে ছুটে যান আলী হোসেন। সেখানে পৌঁছানোর পর তার স্ত্রীও তাকে চিনতে পারেন। দীর্ঘ দুই মাস ২৩ দিন পর স্ত্রীকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি আলী হোসেন। স্ত্রীকে ফিরে পাওয়ার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরে স্বামী স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। তাদের পুনর্মিলনের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে আলোচনায় আসে।

কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক বলেন, ‘ওই নারীকে অসহায় অবস্থায় দেখে ভিডিও করে ফেসবুকে শেয়ার করেছিলাম, যেন পরিবারের সদস্যরা তার খোঁজ পান।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার