Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা

বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ এএম

রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা

বিজ্ঞাপন

পিএসসির সুপারিশ সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ায় রাজু ভাস্কর্যের সামনে শরীরে আগুন জ্বালিয়ে আত্মাহুতির হুঁশিয়ারি দিয়েছেন ৪৯তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থী মো. জসীম উদ্দীন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে জসীম জানান, আগামী ১২ অক্টোবর ৪৯তম বিসিএস ক্যাডারদের যোগদানের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি এই চরম পদক্ষেপ নেবেন।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে জসীম ২০১০ সালে তিউনিসিয়ায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের প্রতিবাদে আগুনে পুড়ে আত্মহুতি দেওয়া যুবক মোহাম্মদ বোয়াজিজির উদাহরণ টেনে তাকে নিজের ‘আইডল’ হিসেবে উল্লেখ করেন। জসীম লেখেন:

"৪৯ তম বিসিএস-এর জয়েনিং (১২ অক্টোবর) দিন সন্ধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমিও শরীরে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেওয়ার ঘোষণা দিলাম। আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না কিন্তু ভেরিফিকেশান নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক সেই কামনা রইল।"

উল্লেখ্য, ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত গেজেটে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশকৃত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও পুলিশ ভেরিফিকেশন ও প্রশাসনিক প্রক্রিয়ায় বাদ পড়েছেন অন্তত ৫৭ জন প্রার্থী। তাদেরই একজন মো. জসীম উদ্দীন, যিনি ভেরিফিকেশন ব্যবস্থার জটিলতা ও রাজনৈতিক বা প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে এই চূড়ান্ত প্রতিবাদের ঘোষণা দিয়েছেন।

বিষয়টি সামনে আসার পর সাবেক সহপাঠী ও নেটিজেনরা প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানানোর পাশাপাশি জসীমকে জীবনহানিকর যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আকুল আবেদন জানিয়েছেন। একই সাথে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার