বিজ্ঞাপন
পালিয়ে বিয়ের পর স্ত্রীকে নিয়ে গেল পরিবার, ক্ষোভে নিজের শরীরে আগুন দিলেন স্বামী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ এএম
বিজ্ঞাপন
মানিকগঞ্জের সিংগাইরে এক স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই স্ত্রীর স্বামী জীবন (২০)। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার আঙ্গারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম।
গুরুতর আহত ওই যুবক উপজেলার আঙ্গারিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে জীবন (২০)।
জানা যায়, জীবন ও মিম (১৬) পালিয়ে বিয়ে করে সিংগাইরের আঙ্গারিয়া এলাকায় জীবনের বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে মিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জীবন বাঁধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে জীবন নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা খোজখবর রাখছি। কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।