বিজ্ঞাপন
মেঘনায় জেগে উঠছে চর, মালিকানা নির্ধারণের আগেই দখলের অভিযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
বিজ্ঞাপন
মেঘনার অব্যাহত ভাঙনে একসময় ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছিলেন লক্ষ্মীপুরের কমলনগরের হাজারো মানুষ। বছরের পর বছর নদীর পানির নিচে থাকা সেই ভূখণ্ডের কিছু অংশ এখন ধীরে ধীরে জেগে উঠছে। নতুন চরে সবুজ ঘাস আর উর্বর মাটি দেখে হারানো জমিতে ফের চাষাবাদের স্বপ্ন দেখছেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
তবে নতুন করে জেগে ওঠা এই চর ঘিরে সেই স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে শঙ্কাও। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল গায়ের জোরে নতুন চর দখলের চেষ্টা করছে। এতে প্রকৃত ভূমিমালিকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক।
ভাঙনে হারানো জমিতে ফিরছে সবুজ
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০১ সাল থেকে মেঘনার ভয়াবহ ভাঙনে কমলনগরের প্রায় ২০ কিলোমিটার এলাকার বিস্তীর্ণ ভূখণ্ড নদীগর্ভে বিলীন হয়। ২০১৩-১৪ সালের দিকে চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়নের বড় একটি অংশ কার্যত নদীতে হারিয়ে যায়। একইভাবে চর ফলকন, পাটওয়ারীরহাট ও চর লরেন্স ইউনিয়নেরও উল্লেখযোগ্য এলাকা বিলীন হয়েছে।
ভিটেমাটি ও জমি হারিয়ে হাজারো পরিবার উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর নদীর বুকে নতুন চর জাগতে শুরু করায় এসব পরিবারের অনেকেই আবার নিজেদের হারানো জমিতে চাষাবাদের আশায় বুক বাঁধছেন।
কমলনগরের দক্ষিণ জগবন্ধু এলাকার সীমানায় সম্প্রতি বড় একটি ভূখণ্ড জেগে উঠেছে। এর আগে প্রায় পাঁচ বছর ধরে ‘কটোরিয়া ও কাঁকড়ার চর’ এলাকাতেও প্রায় ৬০০ একর জমি দৃশ্যমান হয়েছে।
চর জেগে উঠতেই দখলের অভিযোগ
ভুক্তভোগী ভূমিমালিকদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে স্থানীয় একটি ‘মাতব্বর’ চক্র কটোরিয়া ও কাঁকড়ার চরের প্রায় ৬০০ একর জমি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। প্রায় চার বছর ভোগদখলের পর চলতি বছর ওই চর ভোলার চরফ্যাশনের বাসিন্দা সকেট জামালের কাছে ৩৪ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
এবার একই চক্রের নজর পড়েছে দক্ষিণ জগবন্ধু এলাকায় নতুন জেগে ওঠা চরটির দিকে। স্থানীয়দের দাবি, নতুন এই ভূখণ্ডে তাদের কোনো বৈধ মালিকানা না থাকলেও প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা চলছে।
ভূমিমালিকদের ঐক্য পরিষদ
নতুন চর দখল ঠেকানো এবং নিজেদের জমি ফিরে পাওয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা একত্রিত হয়েছেন। গঠন করেছেন ‘চর জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীরহাট ভূমিমালিক ঐক্য পরিষদ’।
দক্ষিণ জগবন্ধু ভূমিমালিক সমিতির সভাপতি জহির উদ্দিন রিয়াজ বলেন, “সাহেবেরহাট ইউনিয়নের দক্ষিণ জগবন্ধুর নিজস্ব সীমানায় নতুন এই চর জেগে উঠেছে। এখানে মাতব্বরদের কোনো জমি নেই। প্রকৃত ভূমিমালিকরা যাতে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করতে পারেন, আমরা সেই চেষ্টা করছি।”
পাটওয়ারীরহাট ইউনিয়নের ভূমিমালিক সমিতির নেতা জাহাঙ্গীর মেম্বার বলেন, “ভাঙনের শিকার জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীরহাটের ক্ষতিগ্রস্ত মানুষদের ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছি। কিন্তু মাতব্বর গোষ্ঠী ও ফলকনের একটি প্রভাবশালী গ্রুপ জমিগুলো এককভাবে ভোগদখলের চেষ্টা করছে।”
সাহেবেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাসুদ বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাতব্বররা একটি চর দখল করে সুবিধা নিয়েছে। এখন প্রকৃত ভূমিমালিকদের বঞ্চিত করে দক্ষিণ জগবন্ধুর নতুন চরটিও দখলের চেষ্টা করা হচ্ছে।”
‘আমাদের পূর্বপুরুষের জমি’ -মাতব্বরপক্ষ
অভিযোগের বিষয়ে মাতব্বর বংশের পক্ষে খোকন মাতব্বর বলেন, “এককভাবে যে চরটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেটি আমাদের পূর্বপুরুষ ও আত্মীয়স্বজনদের চাষাবাদের জমি।”
নতুন জেগে ওঠা চর প্রসঙ্গে তিনি বলেন, “নতুন করে জেগে ওঠা চরে আমাদের বসতবাড়ি ছিল। তাই ওই চরে আমাদের দাবি থাকাটা স্বাভাবিক।”
৩৪ লাখ টাকায় চর ইজারা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার না করে বলেন, “সেখানে অন্য কারও জমি নেই। তাই সেখানে আমরা যা করি, তা আমাদের নিজস্ব বিষয়।”
জরিপের আগে মালিকানা দাবির সুযোগ নেই: ইউএনও
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, “চর পুরোপুরি জেগে উঠলে জরিপ পরিচালনা করা হবে। এরপর বিধি অনুযায়ী তা বন্দোবস্ত দেওয়া হবে। এর আগে চরের ওপর কারও মালিকানা দাবি করার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মেঘনার বুকে নতুন চর জাগায় নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের মনে যেমন ফিরেছে ঘুরে দাঁড়ানোর আশা, তেমনি মালিকানা ও দখল নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। এখন জরিপ ও সরকারি বন্দোবস্তের মাধ্যমে প্রকৃত অধিকার নিশ্চিত হওয়ার অপেক্ষায় ভূমিহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।