Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালাগালসহ আপত্তিকর মন্তব্যের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ার পর এনসিপি নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে পুলিশ জানিয়েছে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে নয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শ্রীপুরের বরামা গ্রামের নিজ বাড়ি থেকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে এবং এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন সংগঠনটির উপজেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহ।

আশরাফুলের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি গালাগালসহ আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে পরে তার ফেসবুক আইডিতে গিয়ে ওই পোস্টটি পাওয়া যায়নি।

আশরাফুলের মা আসমা আক্তার বলেন, তিন-চার দিন আগে আমার ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অনেকে পোস্টটি মুছে ফেলতে বললে সেটি ডিলিট করে দেয়।

তার দাবি, পুলিশ তাকে জানিয়েছিল, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আশরাফুলকে কোন ফেসবুক স্ট্যাটাসের কারণে গ্রেপ্তার করা হয়নি। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাসের বিষয়টি জানতে পেরেছি।

পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেন। ওই ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশরাফুলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে আশরাফুলের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ বলেন, ‘সজলের দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।’

গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলও করা হয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার