Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রথম স্ত্রীর সঙ্গে শয়নকক্ষে থাকতেন গাজী নজরুল, মরিয়মের ঠাঁই ছিল বারান্দায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ এএম

প্রথম স্ত্রীর সঙ্গে শয়নকক্ষে থাকতেন গাজী নজরুল, মরিয়মের ঠাঁই ছিল বারান্দায়

বিজ্ঞাপন

ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন তথ্য উঠে এসেছে বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়ার কথা আদালতকে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গাজী নজরুলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদে গাজী নজরুল ইসলাম মামলার ঘটনা সম্পর্কে তদন্ত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আদালতকে জানানো হয়।

এদিন রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি আদালতকে বলেন, তদন্তকালে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, মামলার বাদী তার পূর্বপরিচিত এবং সম্পর্কে তার ভাগিনা। বাদীর মেয়ে ও ভুক্তভোগী মরিয়ম সম্পর্কে নজরুলের নাতনি। আসামি নজরুল ঢাকায় এলে বাদীর বাসায় রাত্রিযাপন করতেন এবং সেখান থেকে সংসদের কাজকর্ম পরিচালনা করতেন। সেই সুবাদে বাদীর মেয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের সখ্য গড়ে ওঠে এবং পরে তাকে বিয়ে করেন বলে জানা যায়।

তদন্ত কর্মকর্তার কাছে নজরুল আরও জানান, ওই সম্পর্কের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৬ জুন তিনি মরিয়মকে মৌখিকভাবে বিয়ে করেন। পরবর্তীতে ওই তারিখ দেখিয়ে বিয়ে রেজিস্ট্রি করে কাবিননামা করা হয়। বিয়ের পর মরিয়মকে ন্যাম ভবনের ফ্ল্যাটে প্রথম স্ত্রীর সঙ্গে থাকার সুযোগ দেন গাজী নজরুল ইসলাম। তবে স্ত্রী হিসেবে মরিয়মকে যথাযথ মর্যাদা দেওয়া হতো না বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গাজী নজরুল ইসলাম ন্যাম ভবনের শয়নকক্ষে প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে থাকতেন। আর মরিয়মকে ওই শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো। গত ২০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ন্যাম ভবনের পঞ্চম তলায় মরিয়মকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আসামি গাজী নজরুল জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারে কার্যকর ভূমিকা রাখবে বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন।

এদিকে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে শুনানি শেষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘দীর্ঘদিন এভাবে থাকার পর মরিয়মকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এর ফলে তিনি আত্মহত্যা করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন তথ্য উঠে এসেছে।’

অন্যদিকে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল ইসলাম জামিন চান। শুনানিতে মাহবুবুল ইসলাম বলেন, ‘এই মামলায় নজরুল ইসলামকে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে। পারিবারিক অভিমানে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। আর তেমন কিছু পাইনি। তিনি একজন সংসদ সদস্য, আইনপ্রণেতা, হার্টের রোগী ও বীর মুক্তিযোদ্ধা। তাকে জামিন দিন।’

তবে শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার