বিজ্ঞাপন
টিকাকেন্দ্রে বিএনপির নেতার মিছিল নিয়ে তাসনিম জারার ক্ষোভ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
বিজ্ঞাপন
এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে বিএনপির এক নেতার মিছিল নিয়ে প্রবেশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ তিনি।
পোস্টে তাসনিম জারা লেখেন, ‘আজ (২৮ সেপ্টেম্বর) দেখলাম, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে যখন শিশুদের টিকা দেওয়া হচ্ছিল, তখন বিএনপির এক নেতা মিছিল করতে করতে ভেতরে ঢুকে পড়েছেন।’
তিনি প্রশ্ন রেখে লেখেন, ‘একটা টিকাকেন্দ্র দেখতে যেতে মিছিল লাগবে কেন? যে মায়েরা কোলে শিশুকে নিয়ে টিকা দিতে এসেছেন, তাদের কি দেখাতে গেছেন আপনার সঙ্গে কত লোক আছে? সেটা দেখিয়ে কী হবে?’
তাসনিম জারা আরও লেখেন, ‘ভিড় আর হইচইয়ের মধ্যে মা ও শিশুরা ভয় পাবে, সংকোচ বোধ করবে, সেটা একবারও ভাবলেন না?’
টিকাকেন্দ্রে রাজনৈতিক কর্মসূচি বা মিছিলের পরিবর্তে সেবার পরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেতে চাইলে অবশ্যই যাবেন। কিন্তু যতটা সম্ভব কম ঝামেলা করে যান, যাতে সেবা বিঘ্নিত না হয়।’
পোস্টে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও বিচারের দাবিও জানান তাসনিম জারা। তিনি বলেন, ‘তারপর এই অন্যায়ের প্রতিবাদ করুন। আর আপনার দলেরই একজন এমপির বিরুদ্ধে অভিযোগ এসেছে। দ্রুত তদন্ত সাপেক্ষে এসব পৃষ্ঠপোষকের বিচারের দাবি তোলেন।’
এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মুখোশধারী একদল ব্যক্তি স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।
এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।