বিজ্ঞাপন
নেপাল ভ্রমণে বাংলাদেশী পর্যটকদের জন্য সতর্কতা জারি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
বিজ্ঞাপন
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশী পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দূতাবাসের বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়েছে, নেপালের পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। টানা বৃষ্টিপাত, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
নেপাল কর্তৃপক্ষ মানাংয়ের তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাংলা ও ভীমথাংসহ বিভিন্ন এলাকায় ট্রেকিং সাময়িকভাবে স্থগিত করেছে। ভূমিধসের কারণে পোখারা ও আশপাশের এলাকাতেও সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
মুস্তাং, জমসম ও অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেয়ার আহ্বান জানানো হয়েছে। কারণ, এসব সড়ক যেকোনো সময় বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
দূতাবাস অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং বা ভ্রমণের আগে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে।
ইতোমধ্যে এসব এলাকায় থাকা বাংলাদেশীদের নিরাপদ স্থানে অবস্থান, নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে। একইসঙ্গে ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে।
বার্তায় বলা হয়, সতর্কতাটি সাময়িক। কাঠমান্ডু ও এর পার্শ্ববর্তী এলাকা এর আওতামুক্ত।