বিজ্ঞাপন
চরফ্যাশনে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
বিজ্ঞাপন
ভোলার চরফ্যাশনে নিখোঁজের একদিন পর বসার পন্ডিত (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নজরুলনগর ইউনিয়নের একটি ডোবা থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে সালমা নামের এক নারী ও তার স্বামী সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ। এদিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতঘরে হামলা, ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে চরফ্যাশন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে সালমা নামের ওই নারী ফোন করে বসার পন্ডিতকে নিজ ঘরে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রোববার দুপুর ১টার দিকে সালমার বাড়ির সামনের একটি কচুরিপানাভরা ডোবায় বসার পন্ডিতের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহের গলায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
নিহত বসার পন্ডিত নজরুলনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। আটককৃত সালমা একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল মৃধার মেয়ে।
খবর পেয়ে ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এবং দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের বাবা আবুল কাশেম ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান (পিপিএম) জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের সনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আটক দুই সন্দেহভাজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।