Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চোরাই মোটরসাইকেল-কাণ্ডে বহিষ্কার হলেন সেই যুবদল নেতা রবিউল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ এএম

চোরাই মোটরসাইকেল-কাণ্ডে বহিষ্কার হলেন সেই যুবদল নেতা রবিউল

বিজ্ঞাপন

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হওয়ার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে। জামালপুর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান ইলির সই করা চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্যপদসহ দপ্তর সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিন দুপুরে রবিউল হাসান সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বহিষ্কারাদেশ চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে সুষ্পষ্ট অভিযোগে সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব জনাব সোহেল রানা খানের নির্দেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, বহিষ্কৃত রবিউল হাসান সোহাগের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান রবিউল হাসান সোহাগের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার অপরাধের দায় তার। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

এর আগে শনিবার রাতে মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের তথ্যে সোহাগকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা মোটরসাইকেল চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার রশিদপুর পাকুল্লা এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের সদস্যরা জানান, সোহাগ চুরি হওয়া মোটরসাইকেল বিক্রির মূল দায়িত্বে ছিলেন।

ডিবির ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত এবং একটি চোরচক্র পরিচালনা করে আসছিলেন। পরে শনিবার রাতেই তার বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার