বিজ্ঞাপন
সালমানের স্টুডিওকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘মিথ্যা’ বললেন পাটওয়ারী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
বিজ্ঞাপন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে ‘মিথ্যা’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় ‘অসত্য বা বিভ্রান্তিকর তথ্য’ দিয়েছেন।”
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে পোস্টে তিনি লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে এসে চাঁদাবাজির জন্য বিএনপির লোকজন ভাঙচুর করেছে এবং এ ঘটনায় মামলা করা হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যা কথা কীভাবে বলতে পারেন? তার কি কোনো অনুশোচনা নেই?।’
পাটওয়ারী আরও বলেন, ‘রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী বারবার অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দেন, তাহলে তার এই পদে থাকার কোনো যোগ্যতাই নেই।’
এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, ‘দেশের কোথায় কী হচ্ছে, কোথায় মামলা হচ্ছে এবং কোথায় মানুষ চাঁদাবাজি ও সন্ত্রাসের শিকার হচ্ছে, এসব বিষয় হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ধান্দার’ মধ্যে পড়ে না।’
পোস্টের শেষ দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘এখন একটা প্রশ্ন দাঁড়ায়, সারা বাংলাদেশের মানুষ ভারসাম্যহীন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন? আপনি কি বুঝতেছেন? বুঝেন নাই মনে হয়! এখন আপনারাই এনালাইসিস করেন।’
এর আগে রোববার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সালমান মুক্তাদিরের বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি মামলা করেননি। বিএনপিকে তিনি ঢালাওভাবে অভিযোগ করছেন। জায়গা জমি নিয়ে বিরোধ আগেই আছে। তার জেরে এটা হতে পারে। ফেসবুকে তিনি ঢালাও অভিযোগ তুলেছেন। সেখানে কিছু গুলির খোসাও পাওয়া গেছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না। ’
তার আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে।
ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় হামলার বিষয়ে কথা বলেন। ওই ভিডিও প্রকাশের পর থেকেই নানা মহলে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। কেন এ হামলা হলো, তা নিয়েও জোড় প্রশ্ন উঠেছে।