বিজ্ঞাপন
সালমানের স্টুডিওতে হামলা, ক্ষোভ ঝাড়লেন রাফসান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
বিজ্ঞাপন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোটভাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমানের ক্যারিয়ারের শুরুর সময় থেকে তাকে অনুসরণ করার অভিজ্ঞতা তুলে ধরে সমর্থন জানিয়েছেন তিনি।
রাফসান জানান, সালমানের প্রথম দিকের কাজ থেকেই তিনি তার অনুসারী। ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকে সালমানের পথচলা দেখেছেন তিনি।
সময়ের সঙ্গে তাকে দেশের পরিচিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখেছেন।
পরবর্তী সময়ে ব্যক্তিগতভাবেও সালমানকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে বলে উল্লেখ করেন রাফসান। তার ভাষ্য, সালমান শান্ত স্বভাবের মানুষ।
স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাফসান বলেন, দীর্ঘদিনের শ্রম, ঘাম ও ভালোবাসা দিয়ে জায়গাটি তৈরি করেছিলেন সালমান।
সেটিকে দেশের অন্যতম বড় স্টুডিওতে পরিণত করার পর এভাবে ক্ষতিগ্রস্ত হওয়া তাকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।
সালমানকে সাহস দিয়ে রাফসান আরও লেখেন, এ ঘটনায় ভেঙে পড়ার কিছু নেই। তার বিশ্বাস, সালমান ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবেন এবং কোনো বাধাই তাকে থামিয়ে রাখতে পারবে না।
শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান। সেখানে তিনি জানান, হামলায় স্টুডিওটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন জায়গায় ভাঙচুরের চিহ্ন দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বেশ কিছু আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।