বিজ্ঞাপন
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নিন্দা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ এএম
বিজ্ঞাপন
চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।
এনসিপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।
পোস্টের শেষে তিনি এই হামলার তীব্র জানিয়ে আল্লাহর কাছে দেশকে সকল চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা কামনা করেন।
উল্লেখ্য, রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সালমান মুক্তাদিরের দাবি, বিএনপির লোকজন তার কাছে চাঁদা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে প্রতিশোধপরায়ণ হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।
একটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশে সালমান মুক্তাদিরকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’
ভিডিওর শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামুদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত।’
সালমান মুক্তাদিরের স্টুডিওর একজন কর্মকর্তা ঘটনার বিবরণ দিয়ে জানান, রাত সাড়ে ১০টার দিকে এক থেকে দেড়শ লোক হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় আগন্তুকদের হাতে চাপাতি ও গান ছিল। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে উপস্থিত কর্মকর্তারা টয়লেটে লুকালে সেখানে গিয়েও তাদের অস্ত্র দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নেওয়া হয়।