বিজ্ঞাপন
দুই বছরের নাতিকে আছাড়, ভিডিও ভাইরালের পর দাদি গ্রেপ্তার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
বিজ্ঞাপন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে দুই বছরের নাতিকে মাটিতে আছাড় দিয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত দাদি মুক্তা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার এলাকায় তোফায়েল খানের বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মুক্তা বেগম দুই বছরের নাতি নাফিন খানকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। ঘটনার ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ২৫ সেপ্টেম্বর ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। এরপর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে শ্রীনগর থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর থানার দেউলভোগ এলাকায় অভিযান চালিয়ে মুক্তা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি তন্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাননিসার এলাকার তোফায়েল খানের স্ত্রী।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার মুক্তা বেগমকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।