বিজ্ঞাপন
টানা ৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠান, বদলেছে আরেক ছুটির তারিখ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ এএম
বিজ্ঞাপন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা সাত দিনের ছুটি থাকছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখে পরিবর্তন করা হয়েছে। আগে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত থাকলেও সংশোধিত তালিকায় তা এক দিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে স্কুলগুলো।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সমান সাত দিনের ছুটি উপভোগ করবে।
এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটি মিলিয়ে টানা ছুটি কাটানোর সুযোগ থাকছে।
গত ২০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনঃনির্ধারণ করা হলেও পূজার ছুটি অপরিবর্তিত রাখা হয়েছে।