বিজ্ঞাপন
অপ্রতিমের বাবা-মাকে ফোন করে হয়রানি, থানায় জিডি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম
বিজ্ঞাপন
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্বজনরা।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম। পরিস্থিতির কারণে তিনি তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ রেখেছেন।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপ্রতিমের বাবা শাহরিয়ার বলেন, ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অপ্রতিম ও আমাদের জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আমাদের দুজনের মোবাইল ফোন নম্বরে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।