বিজ্ঞাপন
‘আমি কিছু জানি না, মানুষ বলছে’, মীর শাহে আলমকে নিয়ে সারজিস
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
বিজ্ঞাপন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘আমি কিছু জানি না! মানুষ বলছে!’ বলে নানা অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, ‘মানুষ বলছে, মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার। দলীয় মেগা লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজির ভাগ-বাটোয়ারা তার হাত দিয়েই হয়।’
তিনি আরও লেখেন, ‘মানুষ আরও বলছে, সে তার নাদান ব্যবসায়ী ছেলে এবং পরিবারের বিভিন্ন সদস্যদের নামে এস আলম যেভাবে নামসর্বস্ব বিভিন্ন কোম্পানি খুলে ইসলামী ব্যাংক লুট করেছিল, একই কায়দায় সরকারি টেন্ডার লুটপাট শুরু করেছে।’
সারজিস আলমের পোস্টে আরও বলা হয়, ‘বিএনপির বিভিন্ন সূত্র বলছে, ১৭ বছরের ত্যাগী, নির্যাতিত বিএনপির রাজপথের সিনিয়র নেতারা নব্য পাখনা গজানো মীর শাহে আলমের উৎপাতে অতিষ্ঠ। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ক্ষোভ ঘনীভূত হচ্ছে। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সর্বশেষ টং দোকানে চা খেতে খেতে কিছু মানুষ বলছে, বিএনপির সরকার যদি অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আবারও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে মীর শাহে আলম সেই চ্যাম্পিয়নশিপের “ম্যান অব দ্য ম্যাচ” অথবা “ম্যান অব দ্য টুর্নামেন্ট” হবে।’
সবশেষে সারজিস আলম লেখেন, ‘আমি কিছু জানি না! মানুষ বলছে!’
এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এনসিপির নেতাদের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘লংমার্চে নাহিদ, হাসনাত এবং আরেকটা কী যেন নাম? কী পাটওয়ারী... বিভিন্ন নামে ডাকে। কেউ ডার্বি ডাকে, কেউ কুত্তা ডাকে, ছাগল নাসির... যাই হোক, আমি বলছি না, সাধারণ মানুষ বলে।’
শাহে আলম আরও বলেন, ‘তারা যে ভাষায় কথা বলে! আমাদের নিয়ে বলুক, আপত্তি নাই। কিন্তু তারেক রহমানকে নিয়ে যখন ওই বয়সী বাচ্চা ছেলেদের মুখ থেকে শিষ্টাচারবহির্ভূত কথা বের হয়, তখন আমাদের সহ্য করবার কথা নয়। আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে বলে চুপ আছি।’
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, ‘মীর শাহে আলমের বক্তব্যের ভাষা ও ভঙ্গি অত্যন্ত অশালীন ও অশোভন। হাসিনা ওয়াজেদের বক্তব্যের চেয়েও তা বেশি কদর্য মনে হয়েছে। বিরোধী কোনো কথা নেই, তিনি কি একটু সভ্য ও মার্জিত রাজনৈতিক ভাষায় কথা বলা শেখাতে পারেন?’
পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, ‘তারেক রহমানের একজন বন্ধুও শিক্ষিত না। সভ্য না। রুচিশীল না।’