বিজ্ঞাপন
ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহ’ লিখে কলেজশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম
বিজ্ঞাপন
ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর বগুড়ার ধুনটে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে সোহান খান (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সোহান খান বহালগাছা গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে। তিনি বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহান বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজের ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে একটি পোস্ট দেন। এর কিছুক্ষণ পর বাড়ির অদূরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সোহানের মৃত্যু হয়।
এদিকে সোহানের মৃত্যুর ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম। তিনি বলেন, “এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
সোহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তবে সোহানের এমন চরম সিদ্ধান্তের প্রকৃত কারণ কী ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।