Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বনশ্রী-আফতাব নগরের ২ নম্বর স্টিল ফুটব্রিজ খুলে দেয়া হলো

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

বনশ্রী-আফতাব নগরের ২ নম্বর স্টিল ফুটব্রিজ খুলে দেয়া হলো

বিজ্ঞাপন

ঢাকার বনশ্রী-আফতাব নগর এলাকার বাসিন্দাদের চলাচল সহজ করতে নির্মিত ২ নম্বর স্টিল ফুটব্রিজ জনগণের জন্য খুলে দেয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরাজী হাসপাতাল সংলগ্ন ব্রিজটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দেন, তা সময়মতো বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। বনশ্রী-আফতাব নগর এলাকার যোগাযোগব্যবস্থা সহজ করা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতে তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, তিনটি ব্রিজের মধ্যে দুটি নির্মাণে বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি আনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।

শফিকুল ইসলাম খান বলেন, ব্রিজটি নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করেছে। মূল সড়কের যানজট কমানো এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে পাশে আরও দুটি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।

ব্রিজটির রক্ষণাবেক্ষণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ডিএনসিসি খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেবে। যথাযথভাবে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা গেলে এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে।

ডিএনসিসি জানায়, সংস্থাটির অর্থায়নে ও নৌবাহিনীর তত্ত্বাবধানে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণ প্রকল্প নেয়া হয়েছে। এর মধ্যে আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৩৮ মিটার ও প্রস্থ ১৫.৪০ মিটার, ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৪২ মিটার ও প্রস্থ ৩.৮০ মিটার এবং মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নম্বর ব্রিজ নির্মাণাধীন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার