বিজ্ঞাপন
একদিনে সাবেক ৭ এমপির বিরুদ্ধে দুদকের মামলা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
বিজ্ঞাপন
একদিনেই আওয়ামী লীগের সাবেক সাত সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিনে একজন সাবেক এমপির বিরুদ্ধে চার্জশিট এবং আরও তিন সাবেক এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে সংস্থাটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদক জানায়, অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলার তালিকায় রয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, একই আসনের সাবেক এমপি আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহার, কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি মো. রেজাউল হক চৌধুরী ও তার ভাই, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মো. আবু জাহির, ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহম উল্লাহ এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নূর উদ্দিন চৌধুরী নয়ন ও তার স্ত্রী।
এছাড়া বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধেও পৃথক মামলা করেছে দুদক।
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও তার স্বামী, সাবেক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা অনুমোদন দিয়েছে দুদক।
অন্যদিকে টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার স্ত্রী এবং যশোর-২ আসনের সাবেক এমপি মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক।