বিজ্ঞাপন
বিমানের শৌচাগারে গুপ্তধন! চার ঘণ্টা তল্লাশিতে মিলল ১১ কোটি টাকার স্বর্ণ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
বিজ্ঞাপন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের শৌচাগার থেকে ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় অবতরণ করে। গোয়েন্দাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, উড়োজাহাজটিতে শতাধিক স্বর্ণের বার পাচার করা হতে পারে।
ফ্লাইট অবতরণের পর উড়োজাহাজটিতে ব্যাপক তল্লাশি শুরু করেন কর্মকর্তারা। প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশির একপর্যায়ে শৌচাগারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ তোলা; সব মিলিয়ে ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি স্বর্ণ উদ্ধার হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগ বা লাগেজ থেকে উদ্ধার হয়নি। সেগুলো উড়োজাহাজের শৌচাগারের ভেতরে লুকানো ছিল। ফলে কে বা কারা সেখানে স্বর্ণ রেখেছিল এবং বিমানবন্দর থেকে সেগুলো কীভাবে বের করে নেওয়ার পরিকল্পনা ছিল—তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ব্যক্তিকে পাচারকারী হিসেবে শনাক্ত করেনি। শুল্ক গোয়েন্দারা সংগঠিত কোনো স্বর্ণ চোরাচালান চক্র এর সঙ্গে যুক্ত কি না, সেটিও তদন্ত করে দেখবেন।