বিজ্ঞাপন
চট্টগ্রামের সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
বিজ্ঞাপন
চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সোমবার রাতে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাসা থেকে মিতাকে গ্রেফতার করা হয়। একই সময় তার গাড়িচালক সেলিমকেও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার মিতাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পলাতক সহযোগীদের পরিচয় ও অবস্থান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং ককটেল বিস্ফোরণের উৎসসহ গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রয়োজন রয়েছে।
মিতার পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, মিতা ঘটনার সঙ্গে জড়িত নন এবং তিনি অসুস্থ।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দিয়ে দাবি করে, মামলায় গ্রেফতার হওয়া অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে মিতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঢাকায় সাম্প্রতিক মিছিল, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাতেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানানো হয়।
পরে আদালত মিতাকে ছয় দিন এবং তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুন মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় সরকারবিরোধী স্লোগান ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।