Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

লক্ষ্মীপুরে চার দোকানের ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও ব্যবসায়ী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

লক্ষ্মীপুরে চার দোকানের ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও ব্যবসায়ী

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর পৌর বাজারের চারটি জুয়েলারী দোকানের ২২ ভরি স্বর্ণ নিয়ে রণজিত পাল নামে এক ব্যবসায়ী পালিয়ে গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পাল শিল্পালয় খোলা রেখেই তিনি পালিয়ে যান।

রণজিত লক্ষ্মীপুর পৌর বাজার স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী। তিনি শহরের শাঁখারীপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি শরিয়তপুর জেলায়।

স্বর্ণকার ব্যবসায়ীরা জানায়, রণজিত লক্ষ্মীপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী। প্রায় ৩০ বছর ধরে তিনি এ বাজারে ব্যবসা করে আসছেন। তার সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদের ভালো সম্পর্ক ছিল। এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখায় এবং বিক্রি করেও থাকে। একইভাবে রণজিত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় ৪টি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা আনে। কিন্তু সেগুলো আর ফেরত দেয়নি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাকে কোথাও খোঁজ পাওয়া যায়নি। ভাড়া বাসায়ও তাকে পাওয়া যায়নি। সপরিবারেই সে পালিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর। তাদের ২২ ভরি স্বর্ণ নিয়ে রণজিত পাল পালিয়ে গেছে বলে তারা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সভাপতি সমীর কর্মকার বলেন, আমাদের ৪ ব্যবসায়ীর স্বর্ণালংকার নিয়ে অন্য একজন ব্যবসায়ী পালিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত রণজিত পালের মোবাইলফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনাটি আমাদেরকে জানিয়েছেন। পুলিশ সুপারের কাছে তারা অভিযোগও দিয়েছেন। ব্যবসায়ীদেরকে বলা হয়েছে অভিযুক্ত কোথায় আছে, সে ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার