Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জুবাইদা রহমানসহ যারা থাকছেন প্রধানমন্ত্রীর সফরের প্রতিনিধি দলে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ এএম

জুবাইদা রহমানসহ যারা থাকছেন প্রধানমন্ত্রীর সফরের প্রতিনিধি দলে

বিজ্ঞাপন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’র কথা তুলে ধরবেন তিনি। সফরে প্রতিনিধিদলে থাকছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ ৩০ জনের বেশি সদস্য।

জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবার জাতিসংঘ সফরে যাচ্ছে ছোট পরিসরের একটি প্রতিনিধি দল। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। এ সফরে বিশিষ্ট ব্যক্তি হিসেবে তার সঙ্গে যাচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব সৈয়দ গোলাম মহিউদ্দিন।

সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে, সরকারপ্রধানরা শতাধিক সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতেন। এবার ব্যতিক্রম ঘটাচ্ছেন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ছোট পরিসরের একটি প্রতিনিধিদল নিয়ে এই প্রথম জাতিসংঘে যাচ্ছেন।

আতিকুর রহমান রুমনের ভাষ্য, এত ছোট প্রতিনিধি দল নিয়ে কোনো প্রধানমন্ত্রীর সফর এই প্রথম।

প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমান ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তালিকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। বর্তমানে তিনি নিউইয়র্কেই রয়েছেন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, এস এম জিয়াউদ্দিন হায়দার ও শামীম পারভেজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন।

এছাড়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও প্রতিনিধিদের মধ্যে রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও প্রতিনিধিদলে রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল জুননম নাহিদ এবং প্রধানমন্ত্রীর এডিসি লে. কর্নেল শোহানুর রহমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার