বিজ্ঞাপন
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানার উদ্যোগ, কর্মবিরতির হুঁশিয়ারি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
বিজ্ঞাপন
ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে শতভাগ বিদেশি মালিকানার সুযোগ দেওয়ার উদ্যোগ থেকে সরকার সরে না এলে আমদানি-রপ্তানি-সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ করে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা)।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আগারগাঁও কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে প্রস্তাবিত নতুন লাইসেন্সিং বিধিমালা নিয়ে এনবিআরের সঙ্গে বৈঠক করেন বাফার প্রতিনিধিরা।
বাফার দাবি, শতভাগ বিদেশি মালিকানার সুযোগ দেওয়া হলে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্রেইট থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার বড় অংশ বিদেশে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
সমাবেশে এমজিএইচ গ্রুপের শিপিং ও লজিস্টিকস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইকবাল আলী শিমুল বলেন, বাংলাদেশ প্রতিবছর আন্তর্জাতিক ফ্রেইট বাবদ অন্তত ৯ বিলিয়ন ডলার পরিশোধ করে। বর্তমানে দেশীয় প্রতিষ্ঠানগুলো এর মাত্র ৮ থেকে ১০ শতাংশ দেশে রাখতে পারছে। নীতিসহায়তা পেলে তা প্রায় ২০ শতাংশে উন্নীত করা সম্ভব।
বাফার সাবেক সভাপতি কবির আহমেদ বলেন, দেশে প্রায় ১ হাজার ৩০০ ফ্রেইট ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের মধ্যে ২০ থেকে ২৫টি কোম্পানি প্রায় ৯৫ শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। বাকি ১ হাজার ২৫০টির বেশি দেশীয় প্রতিষ্ঠানকে মাত্র ৫ শতাংশ ব্যবসা নিয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
বাফা নেতারা বলেন, আন্তর্জাতিক শিপিং লাইনের সহযোগী প্রতিষ্ঠানগুলো সরাসরি ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স পেলে একই ব্যবসায়িক গোষ্ঠীর হাতে শিপিং ও ফরওয়ার্ডিং-এই দুই খাতের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হতে পারে। এতে স্থানীয় আমদানি-রপ্তানিকারকদের দরকষাকষির সক্ষমতাও কমতে পারে।
বাফার সভাপতি আরিফুল হাসান বলেন, প্রস্তাব প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আমদানি-রপ্তানি-সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ করে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বাফার চার দাবির মধ্যে রয়েছে, বিদ্যমান ৬০:৪০ দেশি-বিদেশি মালিকানা অনুপাত বহাল রাখা, পরিচালনা পর্ষদ ও লভ্যাংশে দেশীয় উদ্যোক্তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা, উচ্চ আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগে বিধি-৬ পরিবর্তন না করা এবং বিদেশি অংশগ্রহণ নির্দিষ্ট শর্তে যৌথ উদ্যোগের মধ্যে সীমিত রাখা।