বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি সুস্পষ্ট লঘুচাপ। ফলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা বাড়তে পারে। তবে ২৪ সেপ্টেম্বরের পর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও এগিয়ে শক্তিশালী হতে পারে।
আগামী কয়েক দিনের পূর্বাভাসে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পরের ২৪ ঘণ্টায় বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময়ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বৃষ্টির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এদিনও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৪ সেপ্টেম্বরের পর পাঁচ দিনের শেষ দিকে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।