বিজ্ঞাপন
সেবা প্রদানে অনিয়ম, রোগীদের হয়রানি: হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
বিজ্ঞাপন
ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য জানান।
দুদক সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে করোনারি স্টেন্ট বিক্রি, রোগীদের হয়রানি ও সেবা প্রদানে বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সম্প্রতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হার্টের রিং পরানো হয়েছে, এমন রোগীদের তথ্য ও রেকর্ডপত্র দৈবচয়নের ভিত্তিতে সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। এসব নথিতে স্টেন্টের মূল্য, রোগীর কাছ থেকে আদায় করা অর্থসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।
এ ছাড়া হাসপাতালে ভর্তি রিং পরানো রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানি করা হয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করেছে দুদকের দল।
অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।