Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভারতে পালিয়ে থাকা আ. লীগ নেতাদের নির্দেশে নাশকতা, দাবি ডিএমপির

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

ভারতে পালিয়ে থাকা আ. লীগ নেতাদের নির্দেশে নাশকতা, দাবি ডিএমপির

বিজ্ঞাপন

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন এসব তথ্য জানান।

মোল্লা মো. শাহীন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় দলটির নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে জানান তিনি।

ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, রায়হান বংশালের ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডে তার ভাড়া বাসার নিচতলার পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— রাসেল খান, আলাউদ্দিন ও আব্দুল্লাহ।

ডিবি বলছে, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের সঙ্গে পলাতক রাজনৈতিক নেতাদের যোগাযোগের তথ্যও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার