Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’, অপ্রতিমকে হারিয়ে কান্নায় বন্ধুরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’, অপ্রতিমকে হারিয়ে কান্নায় বন্ধুরা

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ি বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে বন্ধুর শেষ বিদায়ে এসে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। প্রিয় বন্ধুকে আর কখনো ক্লাসে দেখতে পাবেন না-এ কথা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

অপ্রতিমের বন্ধু নাসিম বলেন, ‘আমার বন্ধুকে আর ক্লাসে দেখবো না। এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা আর কোনো বন্ধুকে হারাতে চাই না।’

অন্য এক বন্ধু বলেন, ‘আমরা বৃহস্পতিবার কোরআনিক ক্লাবের সময় একসঙ্গে ছিলাম। সেখানে কোরআনিক ক্লাব করছিলাম। তখনই শেষবার তার সঙ্গে কথা হয়। আমরা ফুটবলও খেলেছিলাম। এরপর কথা বলতে বলতে বাসায় এসেছিলাম।’

আরেক বন্ধু শেষবারের কথোপকথনের স্মৃতি মনে করে বলেন, ‘আমি শেষবার ফুচকা খেতে যেতে চেয়েছিলাম। সে বলেছিল, ‘না, আমি ফুচকা খাব না। টাকা নেই।’ এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা।’

অপ্রতিমের আরেক বন্ধু বলেন, ‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল। নামাজ পড়ার পর বলেছিল, সে বাড়িতে যাবে। এরপর বাড়িতে চলে যায়। কে জানত, সেটাই শেষ দেখা।’

বন্ধুর মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে তারা বলে, একজন বন্ধু হারিয়ে গেলে শুধু একটি পরিবার নয়, তার পুরো বন্ধুমহল, স্কুল-সবাই একজনকে হারায়। আজ ওর সঙ্গে এমন হয়েছে, কাল আমার সঙ্গেও হতে পারে। আমাদের কারও সঙ্গেই যেন এমন না হয়।

তারা আরও বলেছে, ‘এ ধরনের ঘটনার বিচার না হলে, অপরাধীরা শাস্তি না পেলে বারবার এমন ঘটনা ঘটবে। আমরা চাই, অপ্রতিমের সঙ্গে যা হয়েছে তার সুষ্ঠু বিচার হোক। আর কোনো মায়ের সন্তান যেন এভাবে হারিয়ে না যায়।’

দাফন শেষে অপ্রতিমের বন্ধুরা দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানান। তাদের কণ্ঠে ছিল প্রিয় বন্ধুকে হারানোর শোক, পাশাপাশি এমন ঘটনা যেন আর কারও জীবনে না ঘটে-সে আকুতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার