Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আমার একটাই ছেলে, ওর জন্য দোয়া করবেন- অপ্রতীমের জানাজায় বাবার আকুতি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম

আমার একটাই ছেলে, ওর জন্য দোয়া করবেন- অপ্রতীমের জানাজায় বাবার আকুতি

বিজ্ঞাপন

আমার একটাই ছেলে। আমার ছেলে আপনাদের কুমিল্লার আকাশের নিচে, আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যদি কোনো আচরণে আপনারা দুঃখ পান, আপনারা ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, ওর যেন বেহেশত নসিব হয়।

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

ছেলেকে হারানোর বেদনায় তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে। উপস্থিত অনেকের চোখেও তখন পানি।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অপ্রতিমের স্বজন ও স্থানীয় লোকজন অংশ নেন। প্রিয় ক্যাম্পাসের মাঠে শেষবারের মতো অপ্রতিমকে ঘিরে জড়ো হন তাঁর পরিচিতজনেরা।

জানাজার সময় পুরো মাঠজুড়ে নেমে আসে শোকের আবহ। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। অপ্রতিমের সহপাঠী, শিক্ষক ও পরিচিতদের অনেকেই কান্না সামলাতে পারেননি।

জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য গন্ধমতিতে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

অপ্রতিমকে উদ্ধারে পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে চেষ্টা চালায়। পরে কুমিল্লার সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে অপ্রতিমকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার