Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পুলিশের কনস্টেবলদের ভাতা কাঠামোয় বড় পরিবর্তন, মিলবে যেসব সুবিধা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

পুলিশের কনস্টেবলদের ভাতা কাঠামোয় বড় পরিবর্তন, মিলবে যেসব সুবিধা

বিজ্ঞাপন

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী বাংলাদেশ পুলিশের কনস্টেবলদের জন্য বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধার কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিশেষ দায়িত্বের জন্য নির্দিষ্ট ভাতার পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন, যাতায়াত ও মোবাইল ভাতারও বিধান রাখা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত ‘চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ এসব সুবিধার বিস্তারিত তুলে ধরা হয়েছে। নতুন কাঠামোর বেশির ভাগ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর আগে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কিছু ভাতার জন্য অন্তর্বর্তী হার নির্ধারণ করা হয়েছে।

দায়িত্বভেদে বিশেষ ভাতা

বিশেষ শাখা (এসবি) ও জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত কনস্টেবলরা মাসে ৫০ টাকা বিশেষ ভাতা পাবেন। একই পরিমাণ ভাতা পাবেন গার্ড কনস্টেবলরা।

মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবলদের জন্য মাসিক ৬৬ টাকা মেট্রোপলিটন পুলিশ অ্যালাউয়েন্স নির্ধারণ করা হয়েছে। সিআইডি ও পিবিআইতে কর্মরত কনস্টেবলদের বিশেষ ভাতা হবে মাসে ৫০ টাকা।

টেলিকম শাখার কনস্টেবলরা মাসে ১১০ টাকা টেলিকম অ্যালাউয়েন্স পাবেন। মাউন্টেড পুলিশে দায়িত্ব পালনকারীদের জন্য ৫০ টাকা এবং পিবিএক্সে কর্মরত কনস্টেবলদের জন্য ৫০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে।

কিট ভাতায় আলাদা নিয়ম

এসবি, ডিএসবি, সিআইডি ও ডিটিএসে কর্মরত কনস্টেবলরা প্রারম্ভিক কিট ভাতা হিসেবে ১ হাজার ৩৮৬ টাকা পাবেন। এর সঙ্গে বার্ষিক নবায়ন কিট ভাতা থাকবে ৭৮৭ টাকা।

তবে প্রারম্ভিক কিট ভাতা চাকরিজীবনে একবারই পাওয়া যাবে। আগে এই সুবিধা নিয়ে থাকলে আবার তা পাওয়ার সুযোগ নেই। অবশ্য পদোন্নতির পর উচ্চতর প্রারম্ভিক কিট ভাতা প্রাপ্য হলে আগের ও নতুন হারের পার্থক্য পাওয়ার বিধান রয়েছে।

ধোলাই ও চুল কাটায় মাসে ১০০ টাকা

এসআই ও সার্জেন্ট থেকে কনস্টেবল পর্যন্ত সব ইউনিটের সদস্যদের জন্য ধোলাই ও চুল কাটার ভাতা নির্ধারণ করা হয়েছে মাসে ১০০ টাকা।

সশস্ত্র শাখায় কর্মরত কনস্টেবলরা মাসে ১৭ টাকা সশস্ত্র শাখা ভাতা পাবেন। এ ছাড়া ড্রাইভার কনস্টেবলের জন্য ৬৬ টাকা, ক্লিনার কনস্টেবলের জন্য ৩৩ টাকা, আর্মরারের জন্য ৩৩ টাকা এবং বিউগলারের জন্য ১৭ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। নার্সিং কনস্টেবলরা পাবেন মাসে ৩৩ টাকা নার্সিং অ্যালাউয়েন্স।

ট্রাফিক কনস্টেবলদের ভাতা ৩ হাজার ৯০০ টাকা

পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কর্মচারীদের জন্য মাসিক ৩ হাজার ৯০০ টাকা ট্রাফিক অ্যালাউয়েন্স নির্ধারণ করা হয়েছে।

তবে ১ জুলাই ২০২৬ বা এর পর চাকরিতে যোগ দেওয়া কর্মচারীদের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সর্বোচ্চ ৩ হাজার ২৫০ টাকা করে ট্রাফিক অ্যালাউয়েন্স দেওয়ার কথা বলা হয়েছে।

সিঙ্গেল রেশনপ্রাপ্ত সদস্যদের জন্য এপিবিএন ছাড়া জনপ্রতি মাসে ৫৬১ টাকা খোরাকি বা দৈনিক ভাতার বিধান রাখা হয়েছে।

বাড়িভাড়ায় কর্মস্থল ও বৈবাহিক অবস্থার প্রভাব

২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি বিবাহিত বাসস্থান না পাওয়া এবং ব্যারাকে না থাকা বিবাহিত কনস্টেবলরা কর্মস্থল ও গ্রেড অনুযায়ী মূল বেতনের নির্দিষ্ট হারে বাড়িভাড়া পাবেন।

গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত কর্মরতদের ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া হবে মূল বেতনের ৬০ শতাংশ। নির্ধারিত অন্যান্য বড় শহর ও পৌর এলাকায় এ হার ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৪৫ শতাংশ।

অন্যদিকে গ্রেড-১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত বাড়িভাড়ার হার হবে যথাক্রমে ৫০, ৪৫ ও ৪০ শতাংশ।

সরকারি বাসস্থান না পাওয়া বিবাহিত কনস্টেবল ব্যারাকে থাকলে মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া পাবেন। অবিবাহিত কনস্টেবলদের জন্য এ হার ২০ শতাংশ।

তবে অন্তর্বর্তী সময়ে, অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, কনস্টেবলরা ৩০ জুন ২০২৬-এ যে হারে বাড়িভাড়া পেতেন, সেই হারেই সুবিধা পাবেন।

বয়স অনুযায়ী চিকিৎসা ভাতা

কনস্টেবলসহ সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতাও নতুন কাঠামোয় নির্ধারণ করা হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছর ১ দিন বয়স থেকে পিআরএল শেষ হওয়া পর্যন্ত মাসে ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।

অবসরপ্রাপ্ত কর্মচারী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও বয়স অনুযায়ী চিকিৎসা ভাতার ব্যবস্থা রয়েছে। তাঁদের জন্য এই ভাতা ৩ হাজার থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

সন্তানদের জন্য শিক্ষা সহায়তা

কনস্টেবলরা প্রতিটি সন্তানের জন্য মাসে ৫০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা পাবেন। সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে মোট ১ হাজার টাকা পাওয়া যাবে।

সন্তানের বয়সের সনদ জমা দেওয়ার শর্তে ২৩ বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাওয়ার বিধান রয়েছে।

টিফিন ও যাতায়াত ভাতা

জাতীয় বেতনস্কেল ২০২৬-এর ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক ৫০০ টাকা টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে কর্মস্থল থেকে লাঞ্চ ভাতা কিংবা বিনা মূল্যে দুপুরের খাবার দেওয়া হলে টিফিন ভাতা পাওয়া যাবে না।

একই গ্রেডের কর্মচারীরা সিটি করপোরেশন এলাকায় কর্মরত হলে মাসে ৬০০ টাকা যাতায়াত ভাতা পাবেন।

মোবাইল ভাতা ১৫০ টাকা

৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মাসে ১৫০ টাকা মোবাইল ভাতার বিধান রয়েছে। ফলে জাতীয় বেতনস্কেলের আওতায় কনস্টেবলরাও এই সুবিধা পাবেন।

এ ছাড়া পার্বত্য এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য পাহাড়ি ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা সর্বোচ্চ ৫ হাজার থেকে ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

হাওড়, দ্বীপ ও চর এলাকায় কর্মরতদের জন্যও মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা হাওড়/দ্বীপ/চর ভাতা দেওয়ার বিধান রয়েছে।

পুলিশ সদস্যদের জন্য ঝুঁকি ভাতাও বহাল থাকবে। তবে নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী এই ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারিত হবে না। সংশ্লিষ্ট সরকারি আদেশে যে হার নির্ধারণ করা হবে, সেই অনুযায়ী ঝুঁকি ভাতা কার্যকর হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার