বিজ্ঞাপন
অপ্রতীম নিখোঁজের আগে সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
বিজ্ঞাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের আগে এক যুবকের সঙ্গে সাক্ষাতের সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, অপ্রতীম স্থানীয় একটি মার্কেটের ময়নামতি ট্রেডার্সের সামনে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট এবং মাথায় কালো ক্যাপ পরিহিত এক যুবকের সঙ্গে হ্যান্ডশেক করতে দেখা গেছে। যুবকটি তখন ‘মা ডিপার্টমেন্টাল স্টোর’ বরাবর দাঁড়িয়ে ছিল। তখন অপ্রতীমের হাতে আইফোনটিও ছিল।
এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্দেহজনকভাবে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি চালান। পরে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া জানান, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহজনকভাবে তুহিনকে আটক করা হয়েছে।
তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা সন্দেহ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।