বিজ্ঞাপন
শাহজালাল মাজারে মিলল ‘খোকন মামু’র জন্য লেখা চিরকুট
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
বিজ্ঞাপন
সিলেটে মাজারের ডেকচিতে এবার খোকন মামুর জন্য লেখা একটি বিশেষ চিরকুট পাওয়া গেছে। অবশ্য সেটাতে লেখকের কোনো নাম ঠিকানা ব্যবহার করা হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়।
মাজারের ডেকচিতে পাওয়া খোকন মামুর জন্য লেখা চিরকুটে লেখকের নাম-ঠিকানা উল্লেখ নেই। এতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।’ এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাদের ‘অন্তরের মায়ার মানুষ’ হিসেবে খোকন মামুর কথা লেখা হয়েছে। চিরকুটে একটি হৃদয়ের ছবি এঁকে সেখানে ‘ইউ’র সঙ্গে ‘মামুজি’ শব্দটিও লেখা হয়েছে।
চিরকুটটি ঘিরে মাজারে আলোচনা হলেও এখনো খোকন মামুর পরিচয় জানা যায়নি।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত কমিটির সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে টাকা গণনা চলছে।
মাজার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্সে জমা হওয়া অর্থের হিসাব স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সংরক্ষণের লক্ষ্যে নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দানবাক্স খোলার আগে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্যদের উপস্থিতিতেই অর্থ গণনা করা হচ্ছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আগের মতো একই পদ্ধতিতে দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। গণনা করা অর্থ জেলা প্রশাসকের অ্যাকাউন্টে জমা হবে।
অর্থ বণ্টনে গঠিত কমিটি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি দ্রুত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। অর্থ কোন খাতে ব্যয় হবে, তা নীতিমালা ও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে।
মাজারে আগত ভক্ত ও পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।