Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা

বিজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন-ভাতার আদেশ জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি জারি করেছে অর্থ বিভাগ। নতুন আদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি এলাকা ও গ্রেডভেদে বাড়িভাতার হারও নির্ধারণ করা হয়েছে।

নতুন কাঠামোয় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ বাড়িভাতার হার রাখা হয়েছে ৬০ শতাংশ। তবে সব গ্রেডে একই হারে এই সুবিধা মিলবে না।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন চাকরিজীবীরা। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত এই হার ৫০ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৪৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তার ওপরে থাকা চাকরিজীবীদের জন্য বাড়িভাড়ার হার ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

১১ সিটি ও দুই পৌর এলাকায় হার কম

খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাতার হার ঢাকার তুলনায় কম রাখা হয়েছে।

এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের জন্য এই হার হবে ৩০ শতাংশ।

অন্যান্য এলাকায় আরও কম

দেশের অন্যান্য এলাকার সরকারি চাকরিজীবীদের জন্য বাড়িভাতার হার আরও কম নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত এই হার ৩৫ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে বাড়িভাড়া হবে মূল বেতনের ২৫ শতাংশ।

বর্তমান ব্যবস্থার সঙ্গে পার্থক্য

বর্তমান ব্যবস্থায় ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে ন্যূনতম বাড়িভাতা ৫ হাজার ৬০০ টাকা।

৯ হাজার ৭০১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতনের ক্ষেত্রে বাড়িভাড়া ৬০ শতাংশ, যেখানে ন্যূনতম পরিমাণ ৬ হাজার ৪০০ টাকা। ১৬ হাজার ১ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত মূল বেতনে বাড়িভাড়া ৫৫ শতাংশ, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা।

আর মূল বেতন ৩৫ হাজার ৫০১ টাকার বেশি হলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ৫০ শতাংশ হারে দেওয়া হয়। এ ক্ষেত্রে ন্যূনতম বাড়িভাড়া ১৯ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে দেশের অন্যান্য এলাকার জন্য বর্তমানে বাড়িভাতার হার ও ন্যূনতম অঙ্ক আলাদা। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এসব এলাকার জন্যও গ্রেডভিত্তিক নতুন হার নির্ধারণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার