Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নতুন পে-স্কেলে বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

নতুন পে-স্কেলে বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা

বিজ্ঞাপন

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এ বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। একই সঙ্গে ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে পাবেন সরকারি কর্মচারীরা।

অবশ্য বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। তবে গেজেট প্রকাশ হয়েছে শনিবার (১৯ সেপ্টেম্বর)।

গেজেটে বলা হয়েছে, নতুন বেতনস্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন স্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বর্তমান বেতনের পার্থক্যের ৪০ শতাংশ ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের এবং ৫০ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।

পরবর্তী ধাপে ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের ক্ষেত্রে ওই পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৭৫ শতাংশ দেওয়া হবে।

এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ মূল বেতন শতভাগ দেওয়া হবে।

বকেয়া পাবেন ১ জুলাই থেকে

নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও গেজেট প্রকাশ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর। ফলে এ সময়ের জন্য সরকারি কর্মচারীদের বকেয়া পাওনা তৈরি হবে।

গেজেটে স্পষ্ট করে বলা হয়েছে, কর্মচারীরা ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে প্রাপ্য হবেন।

তবে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত নতুন বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করে যে অর্থ পরিশোধ করা হবে, তার সঙ্গে আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে।

পেনশনভোগীরাও পাবেন বকেয়া

নতুন পে-স্কেলের আওতায় পেনশনভোগীদের জন্যও ধাপে ধাপে বর্ধিত সুবিধা দেওয়ার বিধান রাখা হয়েছে।

২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে নতুন বেতনস্কেল অনুযায়ী নিট পেনশন বৃদ্ধির ৪০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে। আর ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৫০ শতাংশ দেওয়া হবে।

পরবর্তী ছয় মাসে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন দেওয়া হবে।

অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের নিট পেনশন বকেয়া হিসেবে পাবেন।

ভাতা বাড়বে ২০২৮ সালে

নতুন পে-স্কেল কার্যকর হলেও অন্যান্য ভাতা তাৎক্ষণিকভাবে নতুন হারে দেওয়া হচ্ছে না। উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতাসহ অন্যান্য সব ভাতা ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে প্রাপ্য ছিল, সেই হারেই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত দেওয়া হবে। ১ জানুয়ারি ২০২৮ থেকে নতুন বেতনস্কেলে নির্ধারিত হারে ভাতাদি দেওয়া হবে।

বিলুপ্ত বিশেষ সুবিধা

জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর হওয়ার তারিখ থেকে বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ১ জুলাই ২০২৬ থেকে গেজেট জারির তারিখ পর্যন্ত যেসব কর্মচারী বিশেষ সুবিধা পেয়েছেন, তা নতুন পে-স্কেলের আওতায় প্রাপ্য বকেয়া বেতন থেকে সমন্বয় করা হবে।

তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসর-উত্তর ছুটিতে ছিলেন, তারা অবসর-উত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারেই তা পাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার