Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গাজী সালাউদ্দিনকে হাসপাতালে দেখতে নাহিদ, রিমান্ডে নির্যাতনের অভিযোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম

গাজী সালাউদ্দিনকে হাসপাতালে দেখতে নাহিদ, রিমান্ডে নির্যাতনের অভিযোগ

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে হাসপাতালে দেখতে গেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে নাহিদ জানান, তার সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাহিদ ইসলামের অভিযোগ, পুলিশি হেফাজতে তানভীর ‘ভয়াবহ নির্যাতনের’ শিকার হয়েছেন। হাসপাতালে তার শারীরিক অবস্থা দেখে তারা গভীরভাবে মর্মাহত ও হতভম্ব হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির এক নেতার করা মামলায় তানভীরকে ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। তার দাবি, গ্রেপ্তারের পর তানভীরকে আইনি অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং জামিন না দিয়ে রিমান্ডে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গত ১০ আগস্ট বগুড়ার আদালত তানভীরকে তিন দিনের রিমান্ড দেন।

নাহিদের অভিযোগ, রিমান্ডে তানভীরের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং শরীরে অজ্ঞাত একটি ইনজেকশন পুশ করা হয়। এতে তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় বলে দাবি করেন তিনি।

তানভীরের আইনজীবীর বরাত দিয়ে নাহিদ আরও বলেন, গত ১৫ আগস্ট কারাগারে থাকা অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। অসুস্থ হওয়ার পর তানভীরকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি প্যানিক ডিজঅর্ডার, তীব্র মাথাব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

এর আগে ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তানভীরকে এক বছরের জামিন দেন। পরে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

নাহিদ ইসলাম বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হতে পারে। কিন্তু রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে অজ্ঞাত ইনজেকশন দেওয়া হয়েছে কি না, কিংবা তার অসুস্থতার চিকিৎসা কীভাবে হয়েছে, এসব প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন।

তানভীরকে রিমান্ডে থাকাকালে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছিল, কোনো ইনজেকশন দেওয়া হয়ে থাকলে সেটি কী এবং কে বা কেন তা প্রয়োগ করেছিলেন, সে বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন নাহিদ। পাশাপাশি তানভীরের পূর্ণাঙ্গ মেডিকেল রেকর্ড প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার