Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাহরাইনের বাংলাদেশ দূতাবাস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাহরাইনের বাংলাদেশ দূতাবাস

বিজ্ঞাপন

প্রবাসী কর্মীদের বেশকিছু করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর থেকে ইরানের পাল্টা আঘাতের মুখে থাকা দেশটিতে নানা অভিযোগে ব্যাপক ধরপাকড় চলছে।

এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে প্রবাসীদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের সেখানকার স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে।

পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্যই কেবল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনও তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করার বিষয়টিও গুরুত্বসহকারে উল্লেখ করেছে দূতাবাস।

এ ছাড়া অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকতে বলা হয়েছে। আর সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা, তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়টিও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

আর প্রবাসীদের বর্জনীয় বিষয়গুলো হচ্ছে- সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করা।

এ ছাড়া বাহরাইনের নিষিদ্ধ কোনও রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করা, যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেয়া, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ না করা, নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয় পত্র/আইডি, ব্যাংক তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার ওপরও জোর দিয়েছে দূতাবাস।

পাশাপাশি ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেয়া, ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগ/ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়া এবং কোনও অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না জানাতে অনুরোধ করেছে দূতাবাস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার